
সকালবেলা প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে একজন ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান আইনি কাঠামো ও বাস্তবতায় তাঁর দেশে ফিরে আসার কিংবা পাসপোর্ট পাওয়ার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ মূলত সব ধরনের অন্যায়, জুলুমবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। একই সঙ্গে স্বৈরাচারী শক্তির পুনর্বাসনের সব ষড়যন্ত্র ও শেখ হাসিনার দেশে ফেরার অপচেষ্টার বিরুদ্ধেও আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে।
শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, তিনিও অতীতে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসন ও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ১৯৭৩ সালের যে আইনের কথা বলা হয়, সেই আইন অনুযায়ীই শেখ হাসিনা আজ মানবতাবিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত ও পলাতক। তিনি কোনোভাবেই আর দেশে ফিরতে পারেন না। সাধারণ ছাত্র-জনতা ও শ্রমিক হত্যাসহ মানবতার বিরুদ্ধে সংঘটিত নানা অপরাধের দায়ে তাঁর বিরুদ্ধে যে সাজা হয়েছে এবং যেসব মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে, তার প্রতিটির রায় ও দণ্ড তাঁকে আইনগতভাবেই ভোগ করতে হবে।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, দলটির বড় বড় নেতারা দেশ ছেড়ে বর্তমানে কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন। কেউ বা অবস্থান করছেন থাইল্যান্ডের ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে। অথচ অদ্ভুত বিষয় হলো, বিদেশে বসে নিরাপদ দূরত্বে থেকে তারা দেশের ভেতরে দলের সহজ-সরল তৃণমূল নেতাকর্মীদের হাতে ককটেল ও বোমা ধরিয়ে দিয়ে এখানে-সেখানে আতশবাজির মতো সহিংসতার জন্ম দিচ্ছেন।
যুবদল ও জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের উদ্দেশে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা দলের অন্য কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মনে ভয় ধরানো যাবে না। বিগত দিনে বর্বরোচিত গুম, খুন ও নানা নির্মম নিপীড়নের মধ্যেও আমাদের কর্মীরা বুক চিতিয়ে রাজপথে লড়াই চালিয়ে গেছেন। মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ অসংখ্য নেতাকর্মী অকথ্য শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কারও রক্তচক্ষু বা দমন-পীড়নের কাছে তাঁদের মাথা নোয়ানো যায়নি।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির মেরুদণ্ড কখনোই বাঁকাবে না। দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের যেকোনো স্বপ্ন ও চক্রান্তকে রুখে দিতে সারা দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক জনতা রাজপথের প্রতিটি মোড়ে মোড়ে অপ্রতিরোধ্য ব্যারিকেড গড়ে তুলবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী।
এআইএল/সকালবেলা