
শেখ সবুজ আহমেদ (ঢাকা): কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা’র ২৯তম বার্ষিক সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সমিতির সভাপতি মোঃ শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সমিতির মহাসচিব মোহাঃ আবুল হোসেন।
দুই পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় অতিথিবৃন্দের আসন গ্রহণের পর সমিতির ধর্ম সচিব মোঃ মহিবুল্লাহ সায়েমের পবিত্র কোরআন তেলাওয়াত এবং আহ্বায়ক বাবু সনজিত কুমার বিশ্বাসের পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সূচনা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এজিএম প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবু সনজিত কুমার বিশ্বাস। এরপর সভায় পূর্ববর্তী কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করেন মহাসচিব মোহাঃ আবুল হোসেন। অর্থ সচিব মোঃ ইকবাল মহসিন বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পাশাপাশি আগামী বছরের সম্ভাব্য বাজেট পেশ করেন, যা উপস্থিত সদস্যদের সম্মতিতে অনুমোদিত হয়।
বিকেল ৫টা ৩৫ মিনিটে মাগরিব নামাজের বিরতির পর মহাসচিব মোহাঃ আবুল হোসেন বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করেন। এরপর সংগঠনের উন্নয়নমূলক ও বিবিধ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভা শেষে সভাপতি মোঃ শেখ সাদী সমাপনী বক্তব্য প্রদান করেন এবং প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এজিএম প্রস্তুতি কমিটির সদস্য সচিব কৃষিবিদ আইয়ুব হোসেন খানের পরিচালনায় এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক মীর রফিকুল আলম মঞ্জুর সার্বিক তত্ত্বাবধানে এই পর্বে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।
এআইএল/সকালবেলা