
মেহেদী হাসান মারুফ (শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ, পিএসসি। এ সময় আরবিজি কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে অধিনায়ক জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিনরাত বিশেষ টহল এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাতের অন্ধকারে নজরদারি কার্যকর রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্ত এলাকায় নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত কিংবা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে অথবা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করা হচ্ছে। সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাই সীমান্তকে আরও নিরাপদ রাখবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে দেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ বা বহির্গমন করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় বিজিবির এই নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা