
অনলাইন ডেস্ক: চলতি বছরে ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে আটলান্টিক ও ভূমধ্যসাগর পর্যন্ত সুদূরপ্রসারী বেশ কয়েকটি যৌথ সামরিক কার্যক্রম ও মহড়া পরিচালনা করেছে ভারতীয় নৌবাহিনী। এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বহুজাতিক ও দ্বিপাক্ষিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন বন্দর সফর করেছে দেশটির নৌবহর। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভারত মহাসাগরীয় ও বৈশ্বিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিতকরণে নিজেদের ঈর্ষণীয় সক্ষমতা ও প্রস্তুতির জানান দিয়েছে ভারত।
চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একাধিক যৌথ সামরিক মহড়া ও টহল পরিচালনা করে ভারতীয় নৌবাহিনী। এর মধ্যে মিয়ানমারের সঙ্গে যৌথ টহল, শ্রীলঙ্কার সঙ্গে ত্রয়োদশ দ্বিপাক্ষিক নৌ-মহড়া ‘স্লিনেক্স’ এবং বিমসটেকের প্রথম সামুদ্রিক নিরাপত্তা মহড়া উল্লেখযোগ্য। এ ছাড়া চেন্নাইয়ে মিয়ানমারের সঙ্গে মানবিক সহায়তা বিষয়ক মহড়া ‘রাহাত মিত্র’ এবং বিশাখাপত্তনমে ভারত ও মিয়ানমারের অষ্টম যৌথ নৌ-মহড়া ‘আইএমএনইএক্স-২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়ার লুমুটে ‘সমুদ্র লক্ষ্মণ’ মহড়ায় অংশ নেয় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস মহীশূর। এরপর ফিলিপাইনের সুবিক উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা মহড়ায় যোগ দেয় আইএনএস সহ্যাদ্রি ও আইএনএস কুলিশ। অক্টোবরের শুরুতে বিশাখাপত্তনমে সিঙ্গাপুরের সঙ্গে ঐতিহ্যবাহী যৌথ নৌ-মহড়া ‘সিমবেক্স’ অনুষ্ঠিত হয়। এছাড়া রাশিয়ার ভ্লাদিভোস্তকে দেশটির নৌবাহিনীর সঙ্গে ‘ইন্দ্র’ মহড়া, দক্ষিণ কোরিয়ার বুসানে দ্বিপক্ষীয় মহড়া এবং জাপানের ইয়োকোসুকায় যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে মর্যাদাপূর্ণ ‘মালাবার’ মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনী।
এশিয়ার গণ্ডি পেরিয়ে পশ্চিম ও ভূমধ্যসাগরীয় অঞ্চলেও বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সামরিক কার্যক্রমে সক্রিয় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো। এ সময় যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূল মিসরের আলেকজান্দ্রিয়ার কাছে দেশটির নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া, ফ্রান্সের তুলনে ফরাসি নৌবাহিনীর সঙ্গে ‘ভারুনা’ এবং যুক্তরাজ্যের প্লাইমাউথের কাছে রয়্যাল নেভির সঙ্গে ঐতিহ্যবাহী ‘কোঙ্কন’ মহড়ায় অংশ নেয়।
পাশাপাশি, স্পেনের ভ্যালেন্সিয়া বন্দর পরিদর্শন এবং ওমানের সঙ্গে কৌশলগত ‘নাসিম আল বাহর’ মহড়াতেও যোগ দেয় জাহাজটি। সম্প্রতি মিসরের কৌশলগত সাফাঘা নৌঘাঁটিতে বন্দর পরিদর্শন করে আইএনএস ত্রিশূল। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে লোহিত সাগরের নিরাপত্তা রক্ষা, যৌথ ডুবুরি প্রশিক্ষণ এবং বিভিন্ন নৌ ইউনিট পরিদর্শন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
ভারতের বিশেষ প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী ইতালির ঐতিহাসিক লিভোর্নো বন্দর পরিদর্শন করে। অন্যদিকে, আইএনএস তারকাশ কেনিয়ার মোম্বাসায় দেশটির নৌবাহিনীর সঙ্গে বিশেষ মহড়ায় অংশ নেয় এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউনের উপকূলে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিপক্ষীয় ‘আইবিএসএমএআর’ মহড়ায় যোগ দেয়।
বিশ্লেষকদের মতে, এসব বহুমুখী ও ব্যাপক যৌথ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের নৌবাহিনীর সঙ্গে পারস্পরিক সহযোগিতা, কৌশলগত সমন্বয় এবং আন্তঃকার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে চলেছে ভারত। একই সঙ্গে সমুদ্রে তল্লাশি অভিযান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের দক্ষতা, প্রযুক্তিগত উৎকর্ষ ও অভিজ্ঞতা বিশ্ববাসীর সামনে জোরালোভাবে তুলে ধরছে দেশটির নৌবাহিনী।