
স্টাফ রিপোর্টার: রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান বা স্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চিহ্নিত এসব উৎস দিয়ে শিল্পকারখানার রাসায়নিক, তরল এবং কঠিন বর্জ্য সরাসরি নদীতে মিশছে। এই দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্যের প্রবাহ বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদীর তীরভূমির ওয়াকওয়েতে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান।
নৌপরিবহনমন্ত্রী বলেন, নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নদীগুলোর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ পুরোদমে চলমান রয়েছে। নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি তীরবর্তী এলাকাগুলোকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও আকর্ষণীয় পর্যটন উপযোগী করে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে একটি কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইতিমধ্যে ঢাকার চারপাশের চার নদীর উভয় তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ সম্পন্ন করেছে। এর পাশাপাশি নদীর সীমানা সুরক্ষা, তীররক্ষা বাঁধ, ইকোপার্ক, জেটি এবং পর্যটন সুবিধা গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৭ হাজার ১০০টি সীমানা পিলার স্থাপনের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যে ৬ হাজার ৬৩০টি পিলার স্থাপন করা হয়েছে। এ ছাড়া ১৩টি জেটি ও ৫টি ইকোপার্কের নির্মাণকাজও শেষ হয়েছে।
এ প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, জনসাধারণের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করতে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং যেসব অংশে সংযোগ বাকি বা ‘মিসিং লিংক’ রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদীতীরকে শরীরচর্চা ও বিনোদনের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি নদী সংরক্ষণে নাগরিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্ম সচিব সাজেদুর রহমান এবং সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এআইএল/সকালবেলা