
বিশেষ প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলুদ্যাশিয়া এলাকায় অসুস্থ ও বৃদ্ধ স্বামীকে শারীরিক-মানসিক নির্যাতন এবং বসতভিটা থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী কাজী ইয়াসমিন আক্তারের বিরুদ্ধে। নিজের শেষ সম্বল ভিটেবাড়ি স্ত্রীর নামে লিখে দেওয়ার পর থেকে তিনি চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মো. ফরিদুল্লাহ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগী বৃদ্ধ মো. ফরিদুল্লাহ (পিতা: মৃত আলী আকবর) অভিযোগ করে জানান, সরল বিশ্বাসে তিনি তাঁর পৈতৃক ভিটেবাড়িটি স্ত্রী কাজী ইয়াসমিন আক্তারের নামে দলিল করে দিয়েছিলেন। কিন্তু সম্পত্তি নিজ নামে নেওয়ার পরপরই একটি কুচক্রী মহলের প্ররোচনায় তাঁর স্ত্রীর আচরণ পুরোপুরি বদলে যায়। অভিযোগ রয়েছে, পরকীয়া প্রেমের টানে তিনি বৃদ্ধ স্বামীকে মারধরসহ নানাভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছেন এবং ইতিমধ্যে তাঁকে তালাকনামাও পাঠিয়েছেন।
তালাকের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কাজী ইয়াসমিন আক্তার জানান, তিনি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছেন। অন্যদিকে, স্থানীয় সালিশি বৈঠকে তিনি দাবি করেন, যেহেতু তাঁর স্বামী স্বেচ্ছায় ভিটেবাড়িটি তাঁর নামে দলিল করে দিয়েছেন, তাই বর্তমানে এই ঘরবাড়ির একমাত্র বৈধ মালিক তিনিই।
শয্যাশায়ী ও অসুস্থ মো. ফরিদুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, বয়সের ভারে নুয়ে পড়া এই অসুস্থ অবস্থায় নিজের ঘর ছেড়ে তিনি কোথায় যাবেন তা জানেন না। দেখভাল করার মতো কেউ না থাকায় তিনি একাকী বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী সম্পত্তি বিক্রি করলে কোনো আপত্তি নেই, কিন্তু তাঁদের ৮ বছর বয়সী অবুঝ কন্যাসন্তানের ভবিষ্যৎ কী হবে—তা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন। এ ছাড়া আব্দুল গনি ও সেলিনা আক্তারসহ স্থানীয় কিছু কুচক্রী ব্যক্তি তাঁর স্ত্রীকে ভুল বুঝিয়ে সাজানো সংসারটি ভেঙে দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে, উদ্ভূত এই পারিবারিক ও সামাজিক সংকট নিরসনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশি বৈঠকে বসেছেন। বৈঠকগুলোতে ছৌয়দ নুর কারবারি, সাবেক ইউপি সদস্য আজিম মেম্বার, বর্তমান ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতন, মনজুর আলম, মো. নুর, জাহেদুল আলম রুবেল, হাফেজ ফারুক, আবু ছিদ্দিক ও মোহাম্মদ সফিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় অসহায় ওই বৃদ্ধ ও তাঁর শিশুসন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়সংগত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এআইএল/সকালবেলা