
বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশপুরের পোড়াদহ মাঠে জমির সীমানা ও মালিকানা নিয়ে নূর মোহাম্মদের সঙ্গে একই এলাকার জসিম (৩৪) নামের এক ব্যক্তির বাগ্বিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে জসিম উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বেলা ১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে নূর মোহাম্মদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য জুয়েল আহমেদ জানান, নিহত ব্যক্তির যাবতীয় তথ্য যশোর কোতোয়ালি থানার মাধ্যমে সংশ্লিষ্ট মহেশপুর থানায় পাঠানো হয়েছে। মহেশপুর থানা-পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এআইএল/সকালবেলা