
অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলায় রসগোল্লা বলে এক ব্যক্তিকে দেশি বোমা খাওয়ানোর এক নৃশংস ও লোমহর্ষক অভিযোগ উঠেছে। মিষ্টি জাতীয় বস্তুটিকে রসগোল্লা ভেবে মুখে দিয়ে কামড় দিতেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোটিয়া (৩৫)। গত ১০ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে দিন্ডোরি জেলার কোতোয়ালি থানার আওতাধীন পাদারিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজেন্দ্র নিজের বাড়িতেই বসে ছিলেন। এ সময় রাম ভগত বারোটিয়া নামে এক প্রতিবেশী তার কাছে আসেন। কথাবার্তার একপর্যায়ে তিনি রাজেন্দ্রকে একটি দেশি বোমা দিয়ে সেটিকে রসগোল্লা বলে পরিচয় করিয়ে দেন। রাতের অন্ধকারে বিষয়টি বুঝতে না পেরে রাজেন্দ্র সেটি মুখে দিয়ে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, বস্তুটি আসলে বন্যপ্রাণী বা পশু শিকারের কাজে ব্যবহৃত একটি শক্তিশালী দেশি বোমা ছিল। বিস্ফোরণের বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত একটি অটোরিকশায় করে রাজেন্দ্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ জানান, এই চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত রাম ভগতসহ দুইজনকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে রাম ভগত পুলিশকে জানিয়েছে যে, এক কিশোর তাকে বোমাটি দিয়েছিল। এরপর পুলিশ ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত ও অভিযুক্তদের মধ্যে কোনো পুরনো শত্রুতা বা ব্যক্তিগত বিরোধ ছিল কি না এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।