
সাইফুল ইসলাম ফাহাদ (কুমিল্লা প্রতিনিধি): কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) এবং সাহেবাবাদ ইউনিয়নের বাসিন্দা নূরে আলম ভূঁইয়া (৪০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অনন্তপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. ওয়াহিদনবীর ফিশারির দক্ষিণ-পশ্চিম পাড়ে অবস্থিত একটি টিনশেড ঘর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক ভূঁইয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত মামলার রেকর্ড পাওয়া গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা