
সংসদ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে তথ্য যাচাইকারী প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’। এ ছাড়া সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান। ওই সময় সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী তাঁর পক্ষে এই জবাব উপস্থাপন করেন।
সংসদকে প্রতিমন্ত্রী জানান, দেশজুড়ে অপপ্রচার, কুৎসা ও ভুয়া তথ্য মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। প্ল্যাটফর্মটি এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রকাশিত হয়েছে ৫৫২টি প্রতিবেদন।
তিনি আরও জানান, বর্তমানে ‘বাংলাফ্যাক্ট’ প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি ভুয়া দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করছে। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সচেতন ও সহায়তার জন্য খুব শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
এ ছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিচার ও জনসচেতনতামূলক বার্তা তথ্য অধিদপ্তরের দাপ্তরিক ফেসবুক পেজ এবং দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত প্রকাশ করা হচ্ছে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
এআইএল/সকালবেলা