
ইব্রাহিম ফরাজি (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশের বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া এলাকা থেকে এসব বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে পোনাহুড়া এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে বাউফল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করে। তবে উদ্ধারকৃত এসব বিচ্ছিন্ন অঙ্গ একই ব্যক্তির লাশের অংশ কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার হওয়া হাত-পা কার, ওই ব্যক্তির পরিচয় কী এবং কীভাবে এসব বিচ্ছিন্ন অঙ্গ সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং লাশের বাকি অংশ ও পরিচয় শনাক্তে জোর তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এআইএল/সকালবেলা