
অনলাইন ডেস্ক; মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ও ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। দিনের শুরুতে এশিয়ার বাজারে সামান্য দরপতন হলেও পরবর্তীতে বাজার ঘুরে দাঁড়ায়। মূলত মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন বাড়তে শুরু করলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অচলাবস্থা বজায় থাকায় বাজারের সার্বিক অনিশ্চয়তা কাটছে না।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৩২ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিট) এই দর রেকর্ড করা হয়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৮০ সেন্টে পৌঁছায়।
এর আগে এশিয়ার বাজারে দিনের প্রথম ভাগে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমে গিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অচলাবস্থার নেতিবাচক প্রভাব বাজারে নতুন করে পড়তে শুরু করলে দাম আবার ঊর্ধ্বমুখী হয়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বর্তমানে একধরনের ‘যুদ্ধও নেই, শান্তিও নেই’ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় একদিকে যেমন আঞ্চলিক দেশগুলোতে তেল উৎপাদন পুনরুদ্ধার হচ্ছে, অন্যদিকে সংঘাতের আশঙ্কা ও কূটনৈতিক অচলাবস্থা জ্বালানি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ বজায় রাখছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা অব্যাহত রয়েছে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি, যেখানে যুদ্ধও নেই, শান্তিও নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকলেও এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি করছে।”
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন বাড়লে আন্তর্জাতিক বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে এবং দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়া এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সেই সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন ও পরিবহন অবকাঠামো ঘিরে অনিশ্চয়তা থাকায় বাজারের বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্ক নজর রাখছেন। কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে কিংবা সামরিক উত্তেজনা বাড়লে জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বড় ধরনের ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে উৎপাদন বাড়ার ইতিবাচক খবর সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হচ্ছে না। (সূত্র: আল-জাজিরা)