
বিনোদন ডেস্কঃ নিজের একটি বাড়ি থাকবে, ছোটবেলা থেকেই এমন স্বপ্ন দেখতেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। জীবনের সেই সুপ্ত আকাঙ্ক্ষা থেকে একসময় তিনি মুম্বাইয়ের বিখ্যাত ও রাজকীয় বাড়ি ‘মান্নাত’ অর্জন করেন।
সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় নিজের বাড়ির স্বপ্ন ও তা পূরণের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা। এ সময় উপস্থিত ভক্তদের উদ্দেশে তিনি অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে বলেন, ‘কোনো কিছু মন থেকে চাইলে একদিন তা পূরণ হবেই।’
দুবাইয়ে আয়োজিত ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামক আবাসন প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও করণ জোহর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ। দুই দীর্ঘদিনের বন্ধুর এই প্রাণবন্ত কথোপকথনে ছিল প্রচুর হাসি-ঠাট্টা, পুরোনো দিনের স্মৃতিচারণা ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ।
কথোপকথনের একপর্যায়ে নিজের বাড়ির স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ। অভিনেতা জানান, ছোটবেলায় তাঁর এমন কোনো নির্দিষ্ট বাড়ি ছিল না, যেটিকে নিজের স্বপ্নের বাড়ি বলে মনে করা যেতে পারে। তাই নিজের একটি স্থায়ী ঠিকানা ও আপন চেনার জায়গা থাকার তীব্র আকাঙ্ক্ষা তাঁর মধ্যে সব সময় কাজ করত। এমন একটি জায়গা তিনি চেয়েছিলেন, যেখানে তিনি নিজেকে সম্পূর্ণ আপন মনে করবেন এবং নিজের বলে পরিচয় দিতে পারবেন।
নিজের প্রথম বাড়ি কেনা এবং পরবর্তী সময়ে মুম্বাইয়ের বিখ্যাত ‘মান্নাত’ কেনার সিদ্ধান্ত যে খুব একটা বাস্তবসম্মত ছিল না, সেটিও অকপটে স্বীকার করেন অভিনেতা। বিশেষ করে মান্নাত তাঁর শৈশবের কল্পনারও অনেক বাইরে ছিল। তবে বাড়ির সঙ্গে মানুষের পরিচয় ও আপন অনুভূতির গভীর সম্পর্ক তাঁকে এমন বড় সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তাঁর মতে, শেষ পর্যন্ত একটি বাড়ি মানুষের নিজস্ব পরিচয়ের একটি বড় অংশে পরিণত হয় এবং সেখানে নিজের বলে ভাবার মতো এক অদ্ভুত প্রশান্তির জায়গা তৈরি হয়। যারা জীবনে নিজের একটি বাড়ির স্বপ্ন দেখেন, তাদের উদ্দেশে এই বিশেষ বার্তা দেন তিনি।
বাড়ির গল্প ও স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে নিজের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’-এর তালে নেচে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন শাহরুখ। নাচের সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি অনুষ্ঠানে তিনি তাঁর জনপ্রিয় কয়েকটি সংলাপ শোনান এবং ভক্তদের সামনে চিরচেনা দুই হাত প্রসারিত করার সেই বিখ্যাত ভঙ্গিতে পোজ দেন। এ সময় তাঁর পরনে থাকা অল-ব্ল্যাক লুকও বেশ প্রশংসিত হয়।
প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরতে চলা শাহরুখকে পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ প্রথমবারের মতো তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া দুবাইয়ের যে আবাসন প্রকল্পটির অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন, সেটির পেন্টহাউসগুলোর নান্দনিক নকশা করেছেন অভিনেতার স্ত্রী গৌরী খান।