
অনলাইন ডেস্কঃ প্রথমবারের মতো রূপালি পর্দায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুন, রহস্য আর মানবিক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে কলকাতার গুণী পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’ (RSVP Murder)-এ একসঙ্গে দেখা যাবে দুই বাংলার এই দুই শীর্ষ নায়িকাকে।
সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ এবং সম্পর্কের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে। গল্পের শুরুতে দেখা যাবে, পাহাড়ি এক নির্জন ও মনোরম পরিবেশে আয়োজিত একটি আনন্দ অনুষ্ঠানের মাঝেই হঠাৎ পৌঁছে যায় অস্বস্তিকর ও রহস্যময় এক বার্তা। এরপর থেকেই দ্রুত ঘনীভূত হতে থাকে রহস্য ও আতঙ্ক। উপস্থিত একাধিক চরিত্রের মধ্যে কে প্রকৃত খুনি, কিংবা ঠিক কী কারণে ঘটেছে এই হত্যাকাণ্ড—এমন নানা জটিল প্রশ্নের উত্তর খুঁজতেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার মূল কাহিনি।
এর আগে ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’-এর মতো প্রশংসিত ও জীবনঘনিষ্ঠ সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। এর মধ্যে তাঁর নির্মিত ‘ডিপ ফ্রিজ’ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছে। আগের সিনেমাগুলোতে মানবিক সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো বেশি গুরুত্ব পেলেও এবারই প্রথম পুরোদস্তুর থ্রিলারধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা।
নতুন এই চ্যালেঞ্জ প্রসঙ্গে পরিচালক অর্জুন দত্ত বলেন, “আমার সব সিনেমাতেই সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। একজন পরিচালক হিসেবে আমি সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা আমার অনেক দিনের ছিল। অবশেষে সেই সুযোগ হলো।”
সিনেমাটিতে জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করবেন একঝাঁক পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীপ্সা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য এবং মনোজ ওঝাসহ আরও অনেকে।
এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম কোনো সিনেমা নির্মাণ করছেন অর্জুন দত্ত। এ বিষয়ে তিনি জানান, সিনেমাটির প্রতিটি চরিত্রই গল্পের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের থ্রিলার সিনেমায় চিত্রনাট্য ও গল্পের বাঁধন খুব মজবুত হওয়া জরুরি, তা না হলে পুরো বিষয়টির আবেদন নষ্ট হয়ে যেতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গের পাহাড়ি লোকেশনে সিনেমাটির আনুষ্ঠানিক শুটিং শুরু হবে।