
ফেনী প্রতিনিধি: ফেনীতে প্রযুক্তিচর্চা ও তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জেলার প্রথম প্রযুক্তি উৎসব ‘টেকফেস্ট ফেনী ২০২৬’। প্রযুক্তিভিত্তিক সংগঠন ‘ডেভ অ্যালায়েন্স ফোর্জ’ (Dev Alliance Forge)-এর উদ্যোগে মঙ্গলবার রাতে শহরের এম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এই উৎসবের আয়োজন করা হয়। এতে ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উৎসবের অংশ হিসেবে আধুনিক সফটওয়্যার নির্মাণে গিটহাব কোপাইলটের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে একটি বিশেষ কারিগরি অধিবেশন পরিচালনা করেন হাসান ইমরান নাজির। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোড লেখার মাধ্যমে সফটওয়্যার তৈরির প্রক্রিয়াকে কীভাবে আরও দ্রুত ও কার্যকর করা যায়, তা তুলে ধরা হয়। এরপর ডেভ অ্যালায়েন্স ফোর্জের পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য, অর্জন এবং তরুণদের জন্য দক্ষতাভিত্তিক প্রযুক্তি-পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল পারস্পরিক পরিচিতি ও সংযোগ পর্ব ‘কমিউনিটি কানেক্ট @ফেনী’। এই পর্বে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ পান। এ ছাড়া হ্যাকাথন, প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইডিয়া পিচ, ওয়েব ডেভেলপমেন্ট গ্রোথ সিরিজ, ডেভফেস্ট কুইজ এবং কমিউনিটি কানেক্ট কার্যক্রমের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করায় সিএসই অ্যাসোসিয়েশন অব ফেনী ইউনিভার্সিটি, ফেনী ইউনিভার্সিটি ইনোভেশন হাব, রোটারেক্ট ক্লাব অব ফেনী ইউনিভার্সিটি, হাল্ট প্রাইজ অ্যাট ফেনী ইউনিভার্সিটি, ইয়ুথম্যাপার্স এবং সহযোগী ক্লাব পার্টনার ফেনী কম্পিউটার ইনস্টিটিউট আইসিটি ক্লাবকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
টেকফেস্ট ফেনী ২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক এবং ফেনী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আফসার উদ্দিন সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি গবেষণা, প্রকল্প নির্মাণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সক্ষমতা বিকাশে উৎসাহিত করেন।
এআইএল/সকালবেলা