
নিজস্ব প্রতিবেদক: জার্মানি থেকে পালিয়ে যাওয়া হিটলারের নাৎসি বাহিনীর মতো গণ-অভ্যুত্থানে দেশত্যাগী ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে জাতীয় সংসদে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) সংসদে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে মানবাধিকার সমুন্নত রেখে অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি।
বক্তব্যের শুরুতেই বিরোধীদলীয় নেতার অতীতের কিছু অবস্থানের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ফ্যাসিবাদের পতনের পরপরই একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাজনৈতিকভাবে জুলুম-নির্যাতনকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কোনো অনুতাপ বা ক্ষমা চাওয়া ছাড়াই সাড়ে ১৫ বছরের নির্যাতনকে এভাবে একতরফা ক্ষমা করে দেওয়া সরকার ও দেশবাসী যৌক্তিক মনে করে না। এ ছাড়া ওই বছরের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের অনুষ্ঠানেও তিনি ফ্যাসিস্টদের ‘রাজনৈতিক পরিবারের সদস্য’ হিসেবে আখ্যা দিয়েছিলেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
চলমান নাশকতাকে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির অংশ হিসেবে অভিহিত করে সালাহউদ্দিন আহমদ ২০০৪ সালের ৪ জুনের ঘটনা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তৎকালীন হোটেল শেরাটনের সামনে হরতালে গান পাউডার দিয়ে বিআরটিসির বাসে আগুন ধরিয়ে ১১ জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার ইতিহাস দেশবাসী ভোলেনি, যেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখনো রয়েছে।
সীমান্তের ওপার থেকে সাম্প্রতিক অস্থিরতায় মদদ দেওয়ার বিষয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের সঙ্গে এই মদদের কোনো যোগসূত্র আছে কি না, তা জনগণ জানতে চায়। তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের তালিকা তৈরি এবং ঘরবাড়ি ভাঙার হুমকি দেওয়া হচ্ছে। শেখ হাসিনা ফিরে এসে জুলাই বিপ্লবীদের শিক্ষা দেওয়ার হুমকি দিলেও মহান আল্লাহ তাঁকে আর সেই সুযোগ দেবেন না। পুরো একটি দলের এভাবে দেশ ছেড়ে পালানোর নজির ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গেই মেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর কখনোই ‘পেটুয়া বাহিনীতে’ পরিণত করা হবে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘোষণা দেন, বিগত সরকারের আমলের সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এখন থেকে জেলায় জেলায় তদন্ত কার্যক্রম শুরু করবে।
সরকারের উদারতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতাকে দুর্বলতা না ভাবার সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, গুম, ক্রসফায়ার বা আয়নাঘরের ভয় না থাকায় নাশকতাকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে; তবে মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই তাদের সব চক্রান্ত নস্যাৎ করা হবে।
এআইএল/সকালবেলা