
বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাচ্চু (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন (৩৯) এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহের হোসেন টিটু (৪৬)।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে তাঁদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। এরপর ওসির নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল কক্সবাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এবং পরবর্তীতে শাহরাস্তি থানায় নিয়ে আসে।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁরা কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। শাহরাস্তিতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা