
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বুধবার (১১ নভেম্বর) তিনি সেখানে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি আহত শিক্ষার্থী, তাঁদের স্বজন ও শিক্ষকদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন এবং সবার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ কাউসার আহমদ এবং নাহিয়ান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। তিনি আহত শিক্ষার্থীদের যথাযথ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক মাদরাসায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান তিনি।
এআইএল/সকালবেলা