
বি এম ফয়সাল (কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি ও তাঁর মা তাহমিনা বেগমকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলায় মো. মোবারক হোসেন নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সুমাইয়াকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের ভাই ও সহপাঠীরা।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এই রায় ঘোষণা করেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া আফরিন রিনথি ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। ওই দিন রাতে নিহতের ভাই মো. তাজুল ইসলাম প্রকাশ ফয়সাল বাসায় এসে তাঁদের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ কল করেন। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর তাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মোবারক জানান, ঝাড়ফুঁক দেওয়ার পরিচয়ের সূত্র ধরে ৭ সেপ্টেম্বর সকালে তিনি ওই বাসায় যান এবং সুমাইয়াকে ধর্ষণের পর তা দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকে গলা টিপে হত্যা করেন। এরপর সুমাইয়াকেও হত্যা করে বাসা থেকে ল্যাপটপ ও মুঠোফোন নিয়ে যান তিনি।
তদন্ত শেষে ২০২৬ সালের ১৬ জুলাই পুলিশ প্রতিবেদন দাখিল করে এবং বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত এ রায় বাস্তবায়ন দেখতে চাই।’ নিহতের সহপাঠীরাও দ্রুত এই রায় কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা