
অনলাইন ডেস্ক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেলেও তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত, কূটনৈতিক এবং আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং তাঁর অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় চলছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সাবেক এই আইজিপিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদকে অবহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ফলস্বরূপ, ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। পরবর্তীতে ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায় যে বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে দেশটির ফেডারেল আইনের বিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে বলা হয়।
নির্ধারিত সময়ের অপেক্ষা না করে মাত্র চার দিনের মাথায়, অর্থাৎ চলতি বছরের ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায় বাংলাদেশ। একই দিনে তথ্য ও সমন্বয়ের জন্য অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিকেও পাঠানো হয়।
জামিন পেলেও প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। কেবল ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমেই প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত নিজ দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির জামিন পাওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান করা হয়েছে। একইভাবে, প্রত্যর্পণ সম্পন্ন করতে আইনগত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করতে হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখা সংগত হবে না। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে অতিরিক্ত নথিপত্রও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিদেশে বেনজীরের সম্পদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রয়োজনীয় নথিপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনগত সহযোগিতার কাঠামোর আওতায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সংসদকে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এআইএল/সকালবেলা