
বিশেষ প্রতিবেদন: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে অবতরণের পর ভিভিআইপি মর্যাদায় তাঁকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এদিন সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
আগামীকাল বুধবার মূল জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সম্মেলনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
এআইএল/সকালবেলা