
পলাশ চন্দ্র বিশ্বাস (জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ): নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে গোপালগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিক্ষিপ্তভাবে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী এই অবরোধ কর্মসূচি পালন করে জনদুর্ভোগ সৃষ্টি করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল ও রাস্তা অবরোধ শুরু করেন। এ সময় পুলিশের বাধার মুখে ক্ষিপ্ত হয়ে তাঁরা পুলিশের গাড়িতে হামলা চালান। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কের একপাশে অবস্থান নেয়।
এদিকে, জেলার বিভিন্ন উপজেলা সূত্রে জানা গেছে, কোটালীপাড়ায় অজ্ঞাত কিছু ব্যক্তি বিভিন্ন স্কুলের সামনের ফটকে তালা লাগিয়ে দেন এবং স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এছাড়া টুঙ্গিপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয় পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা না বাড়লেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সুযোগ নেই। জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কোনো কর্মসূচি বরদাশত করা হবে না।’
এআইএল/সকালবেলা