
অনলাইন ডেস্ক : সৌদি আরব জুড়েই যেন প্রকৃতির চরম রূপ প্রত্যক্ষ করার প্রস্তুতি চলছে। দেশটির আবহাওয়া দপ্তর থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তুমুল বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার বিষয়ে জোরালো সতর্কতা জারি করা হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, কেবল বৃষ্টিই নয়, একাধিক অঞ্চলে শিলাবৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি গতিবেগের প্রবল বাতাস ও ধূলিঝড় বয়ে যেতে পারে। সংস্থাটির প্রাথমিক ধারণা বলছে, আগামী সপ্তাহেও এই বৈরী আবহাওয়া ও বৃষ্টির ধারা বজায় থাকতে পারে।
সার্বিক পূর্বাভাসের চিত্রে দেখা যাচ্ছে যে জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, হাইল, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং নাজরানে মাঝারি থেকে প্রবল বজ্রঝড় হতে পারে। কয়েকটি স্থানে এই বৃষ্টির তীব্রতা বহুগুণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
জাজান ও আসির অঞ্চল: এই অঞ্চলগুলোতে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। জাজানে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত একটানা বৃষ্টি চলবে। আসিরের অধিকাংশ গভর্নরেটেও পাঁচ দিন ধরেই ভারী বৃষ্টি হবে। আল বাহা অঞ্চলেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা শনিবারে আরও ঘনীভূত হতে পারে।মক্কা ও লোহিত উপকূল: মক্কা নগরী থেকে শুরু করে তায়েফ, আল কামিল, আল জুমুম এবং লোহিত সাগরের উপকূলবর্তী জেদ্দা ও রাবিগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শুক্র ও শনিবারে চরম অবনতির আশঙ্কা রয়েছে।মদিনা ও মধ্যাঞ্চল: মদিনা শহরসহ আশপাশের এলাকায় শনি ও শুক্রবারে রেকর্ড বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। হাইল, কাসিম এবং রিয়াদের বেশ কিছু গভর্নরেটেও মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে চরম প্রবল বর্ষণের স্পেল দেখা যাবে। এছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরান অঞ্চলেও ব্যাপক বর্ষণের পূর্বাভাস প্রদান করা হয়েছে।
প্রকৃতির এই চরম অবস্থা নিয়ে এনসিএম কঠোর সতর্কতা প্রদান করে জানিয়েছে, এই ধ্বংসাত্মক বজ্রঝড়গুলোর কারণে সরাসরি আকস্মিক বন্যার জন্ম হতে পারে। শিলাবৃষ্টি ও তীব্র গতিবেগের বাতাসের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হবে এবং সাগরের উপকূল অংশে জলস্তম্ভের মতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে জাতীয় আবহাওয়া কেন্দ্র সকল বাসিন্দা ও নাগরিকদের অফিসিয়াল ওয়েবসাইট, আবহাওয়া অ্যাপ্লিকেশন এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে সার্বক্ষণিক সাম্প্রতিক খবর ও সতর্কতা মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার আহ্বান জানিয়েছে।