
অনলাইন ডেস্ক :দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই। সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই সংগঠক। অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার গভীর রাতে তিনি না ফেরার দেশে চলে যান।
১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবের ভিত্তি গঠনে তার ভূমিকা ছিল ঐতিহাসিক। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সাল পর্যন্ত ফেডারেশনের নির্বাহী কমিটিতে সক্রিয় ছিলেন।
ফুটবল ফেডারেশন ও আবাহনী ক্লাব ছাড়াও তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে দেশের ক্রীড়া প্রসারে নিরলস কাজ করে গেছেন। শুধু জাতীয় পর্যায়ই নয়, আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও তাঁর উজ্জ্বল পদচারণা ছিল। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রীড়াঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’, এএফসির মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন অ্যাওয়ার্ড’, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সেরা সংগঠক সম্মাননা এবং ২০২৩ সালে প্রথম ‘কায়সার সিনহা সংগঠক পুরস্কার’।
পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন নিবেদিতপ্রাণ ও দূরদর্শী অভিভাবককে হারাল।
সকালবেলা ?নুসরাত