
অনলাইন ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকারের অধীনে নারীদের মৌলিক অধিকার খর্ব হওয়া এবং ক্রীড়াঙ্গনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক সীমিত করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। সোমবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো বাধ্যবাধকতা বা বৈশ্বিক টুর্নামেন্টের আসর ছাড়া নিজস্ব উদ্যোগে আফগানিস্তানের বিপক্ষে আর কোনো দ্বিপক্ষীয় ম্যাচ বা সিরিজ খেলবে না তারা।
ক্রিকেট স্কটল্যান্ডের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে আইসিসির কোনো বহুজাতিক টুর্নামেন্টে যদি আফগানিস্তানের মুখোমুখি হতে হয়, তবে তারা সেই ম্যাচগুলোতে অংশ নেবে। এমনকি প্রয়োজন সাপেক্ষে বিশ্বকাপের মতো বড় আসরের আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও খেলতে আপত্তি নেই তাদের। তবে নারীদের ক্রিকেট ও সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো ইতিবাচক পরিবর্তন না আসা পর্যন্ত স্কটিশ দল স্বউদ্যোগে আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ বা একক ম্যাচ আয়োজন করবে না।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ড তাদের সর্বশেষ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দল দুটি মাত্র দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল।
জাতীয় দল দ্বিপক্ষীয় সিরিজ বর্জন করলেও আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ বা ঘরোয়া ক্রিকেটে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছে না ক্রিকেট স্কটল্যান্ড। গত সপ্তাহে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের খেলোয়ারদের ড্রাফটে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, এই লিগটি যদি যথাযথভাবে আইসিসির অনুমোদন পায়, তবে জর্জ মানসিকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে। বোর্ড আরও স্পষ্ট করেছে যে, কোনো ক্রিকেটারকে এই ছাড় দেওয়ার অর্থ এই নয় যে স্কটল্যান্ড আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থা বা তাদের জনবিরোধী নীতির প্রতি কোনো সমর্থন জানাচ্ছে। গত গ্রীষ্মকাল থেকেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সামগ্রিক সম্পর্ক নিয়ে চুলচেরা পর্যালোচনা চালাচ্ছিল স্কটিশ বোর্ড, যার চূড়ান্ত ফল হিসেবে এই কঠোর নীতিগত অবস্থান সামনে এল।
সকালবেলা / নুসরাত