
অনলাইন ডেস্ক: জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের সুন্দর উপকূলীয় শহর আনতালিয়ায় ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনের এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং সম্মেলনের মূল পূর্ণাঙ্গ অধিবেশনে দেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই সফরের প্রস্তুতি ও বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমর্ন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারীসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।
পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের ফাঁকে ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আয়োজনের কাজ চলছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
সংবাদ র্সম্মেলনে জানানো হয়, সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন সক্ষমতা অর্জনের ওপর জোর দেবেন। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হওয়া সত্ত্বেও দেশটি জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ—এই সত্যটি আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে তুলে ধরা হবে।
পাশাপাশি, সম্মেলনের ‘গ্রিন জোন’-এ বাংলাদেশের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে পলিথিন ও প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের প্রচার ও ব্যবহার সংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোন’-এ দুটি বিশেষ সাইড ইভেন্টেরও আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সকালবেলা / নুসরাত