
অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে চরম ব্যর্থতা এবং দীর্ঘস্থায়ী রান খরা কাটাতে না পারার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মারনাস লাবুশেন। যদিও প্রথম টেস্টের আনুষ্ঠানিক স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি, তবে প্রধান নির্বাচক জর্জ বেইলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে লাবুশেনকে দলের বিবেচনায় রাখা হচ্ছে না।
অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে মারনাস লাবুশেনের ওপর আস্থা রেখে আসলেও তিনি সেই আস্থার সঠিক প্রতিদান দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনি একটি ইনিংসেও ফিফটির গণ্ডি স্পর্শ করতে পারেননি। পুরো সিরিজে ব্যাট হাতে মাত্র ১৩১ রান করেন তিনি, যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল মাত্র ৩৯ রানের।
অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ইতিহাসে লাবুশেন বর্তমানে অন্যতম দীর্ঘ সেঞ্চুরি-খরায় ভোগা ব্যাটার হিসেবে পরিচিতি পেয়েছেন। টানা ৪৯ ইনিংসে তাঁর ব্যাট থেকে কোনো সেঞ্চুরি আসেনি। ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে করা সেঞ্চুরিটিই তাঁর সর্বশেষ টেস্ট সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি অ্যালিক ব্যানারম্যানের ৪৭ ইনিংসের দীর্ঘ সেঞ্চুরি খরা না পাওয়ার রেকর্ডটি ভেঙে নতুন অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্ম দেন।
লাবুশেনকে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক জর্জ বেইলি গণমাধ্যমকে জানান, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ও শেফিল্ড শিল্ডের ম্যাচগুলোতে খেলে লাবুশেন যেন নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারেন এবং পুরোনো ফর্মে ফিরে আসতে পারেন, সেজন্যই এই বিশ্রাম বা বাদ পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেইলি আরও বলেন, "অবশ্যই, জাতীয় দলে ফেরার সুযোগ এখনো তার জন্য উন্মুক্ত রয়েছে। আমরা সবাই জানি নিজের সেরা ফর্মে মারনাস কতটা কার্যকর একজন খেলোয়াড়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা সেই কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখতে পাইনি। আমার মনে হয়, সে ভালো সূচনা পেলেও তা বড় ইনিংসে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে। আমরা কাউকে কখনোই স্থায়ীভাবে দলের বাইরে ঠেলে দিই না; বরং আশা করি তিনি ভারত ও ইংল্যান্ড সিরিজের আগেই নিজের সেরা ছন্দে ফিরে আসবেন।"
বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে নিজের ছন্দ ফিরে পেয়ে পুনরায় ‘ক্যাঙ্গারু’দের দলে কামব্যাক করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
সকালবেলা /নুসরাত