
নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন বেশ সরব হয়ে উঠেছে। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও বর্তমান ইউপি সদস্য মো. আনিছুজ্জামান আনিছের সমর্থনে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে কর্শাকড়িয়াইল আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এই মোটরবহরটি কড়িয়াইল বানিয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই শোডাউনকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় থাকলেও আলোচনার শীর্ষে রয়েছেন মো. আনিছুজ্জামান আনিছ। তিনি বর্তমানে ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সাথে যুক্ত থাকায় স্থানীয় পর্যায়ে তাঁর শক্ত অবস্থান রয়েছে।
শোভাযাত্রা ও পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস ভূইয়া, কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ উদ্দিন ভূইয়া ও রবিউল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সেলিম মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম এবং ছাত্রদল নেতা ইমনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি বলেন, "গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে আনিছুজ্জামান আনিছের ভূমিকা প্রশংসনীয়। দল যাকে মনোনয়ন দেবে, আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব।"
মনোনয়নপ্রত্যাশী মো. আনিছুজ্জামান আনিছ বলেন, "গত পাঁচ বছর ওয়ার্ডবাসীর সেবা করেছি। এখন পুরো ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়ন এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে কাজ করব। আমি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।"
এআইএল/সকালবেলা