
পলাশ চন্দ্র বিশ্বাস (জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ): গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে নয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৬ অক্টোবর স্কুলের ভেতরে কয়েকজন শিক্ষার্থী 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেয়। এ ঘটনায় পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও ঘটনার ভিডিও পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্তের চেষ্টা করে। পরে বুধবার (৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষক মো. জিয়ার কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদন পর্যালোচনার পর নয় শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ের ভেতরে রাজনৈতিক স্লোগান দেওয়ার বিষয়টি তদন্তে সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া বলেন, গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ভেতরে কয়েকজন শিক্ষার্থী রাজনৈতিক স্লোগান দেয়। বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নয় শিক্ষার্থীর বিরুদ্ধে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ে ভর্তি হতে হবে বলে জানা গেছে।
এআইএল/সকালবেলা