
বিশেষ প্রতিনিধি (নীলফামারী): নীলফামারীর ডোমারে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন সন্দেহে অভিনব কৌশলে ফাঁদ পেতে প্রেমিককে হাতেনাতে আটক করেছেন এক স্বামী। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকা থেকে মো. মাসুদ রানা (২৮) নামের ওই যুবককে আটক করে পুলিশ। আটক মাসুদ রানা ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং পেশায় একজন ট্রাক্টরচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে দীর্ঘ ছয় মাস ধরে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন মাসুদ। বিষয়টি ওই গৃহবধূর স্বামী টের পেয়ে কৌশলে তাঁর ব্যবহৃত স্মার্টফোনটি নিজের দখলে নেন। এরপর থেকে ওই ফোন থেকেই স্ত্রী সেজে পরকীয়া প্রেমিক মাসুদের সঙ্গে মেসেজে চ্যাট শুরু করেন স্বামী।
মেসেজ আদান-প্রদানের একপর্যায়ে গভীর রাতে প্রেমিককে বাড়ির পাশের একটি নির্জন বাঁশঝাড়ে দেখা করার জন্য আমন্ত্রণ জানান ওই স্বামী। প্রেমিকা ভেবে মাসুদও বাজার থেকে মিষ্টি কিনে নির্ধারিত স্থানে হাজির হন এবং স্বামীর পেতে রাখা এই অভিনব জালে ধরা পড়েন। পরে টের পেয়ে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
এদিকে অভিযুক্ত গৃহবধূর দাবি, মাসুদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকলেও তাঁরা কোনো অনৈতিক সম্পর্কে জড়াননি, বরং তাঁর স্বামী চতুরতার আশ্রয় নিয়ে তাঁকে ডেকে এনেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদ রানাকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা