
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৫৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৬৮টি নতুন মামলা রুজু করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে পরিচালিত এই অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে অপরাধীদের আটক এবং বেআইনি আলামত উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৯ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং উত্তরা বিভাগে ৪২ জনকে আটক করা হয়। এছাড়া মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ২৪ জন এবং স্পেশাল রিজার্ভ ইউনিট (এসআরইউ) ১ জনকে আটক করেছে।
অভিযান পরিচালনাকালে আইন প্রয়োগকারী সংস্থা আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স (WINCEREX), ১২৬ বোতল ফেনসিডিল এবং ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে নিজ নিজ সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
সকালবেলা / নুসরাত