
অনলাইন ডেস্ক:মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি সভা ও সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকানদের সরিয়ে ডেমোক্র্যাটদের জয়ের ধারা স্পষ্ট হতেই বিতর্কিত প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলীয় বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও নিজের অবস্থান সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে হামবড়া মন্তব্য তুলে ধরেছেন তিনি।
ভোটের ফল গণনার পর আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) ট্রাম্প তাঁর নিজস্ব মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, "আমি ব্যালটে ছিলাম না। আর যদি থাকতাম, তবে আমরা ভূমিধস জয় পেতাম! এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।"
বাস্তবতা হলো, মার্কিন রাজনৈতিক কাঠামো অনুযায়ী মধ্যবর্তী নির্বাচনে কোনো প্রেসিডেন্টের সরাসরি ব্যালটে নাম থাকার সুযোগ থাকে না। নিয়ম অনুযায়ী প্রতিনিধি সভার ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হয়।
প্রকৃতপক্ষে এই মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনকালের ওপর দেশব্যাপী এক গণভোট হিসেবে দেখা হচ্ছিল। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধি, ট্রাম্পের চাপিয়ে দেওয়া কঠোর বাণিজ্য শুল্ক, মধ্যপ্রাচ্য নীতি ও ইরানের সাথে উত্তেজনাকর সংঘাত এবং বিতর্কিত অভিবাসন নীতির কারণে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছায়।
ডেমোক্র্যাটরা কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেলে প্রেসিডেন্টের মেয়াদের বাকি দুই বছর ট্রাম্পের একচ্ছত্র নির্বাহী ক্ষমতার ওপর বড় ধরনের লাগাম টানা সম্ভব হবে। তবে হারের আশঙ্কা আগেই টের পেয়ে ট্রাম্প সাফ জানিয়ে রেখেছিলেন যে, ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি ‘মি. ভেটো’ রূপ ধারণ করবেন—অর্থাৎ ভিভিআইপি ক্ষমতার অপব্যবহার ও প্রেসিডেন্সিয়াল ভেটো প্রয়োগ করে ডেমোক্র্যাটদের আইন প্রণয়ন ভেস্তে দেওয়ার চেষ্টা করবেন।
সকালবেলা / নুসরাত