
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার ও উন্নয়ন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে এ উন্নয়নকাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরনোয়াকান্দি খামখেয়ালি বাজার থেকে চরপুক্ষিয়া মৃধাবাড়ি হয়ে দক্ষিণ চরপুক্ষিয়া জালালপুর সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নকাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব এবং জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। উন্নয়নকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষাকার্যক্রম এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়নকাজ শুরু হওয়ায় তারা আনন্দিত। সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে ভাঙাচোরা রাস্তা, কাদা-পানি ও চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। একই সঙ্গে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
এআইএল/সকালবেলা