
মুজিবুর রহমান (কমলগঞ্জ প্রতিনিধি): জিম্মি করে রাখার অভিযোগ ওঠা অপ্রাপ্তবয়স্ক কিশোরী রেশমি আক্তার লিপাকে (১৬) উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শমশেরনগর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ। একই সঙ্গে মামলার প্রধান আসামি লক্ষ্মীকান্ত বাউরীসহ পলাতক অন্য আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় কিশোরীকে উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ।
সোমবার বিকেল ৫টায় শমশেরনগর বাজার চৌমুহনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শমশেরনগর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হেলাল আহমদ। সাধারণ সম্পাদক মাওলানা আনিছুল ইসলাম চৌধুরী শাকেরের সঞ্চালনায় বক্তারা কিশোরীকে দ্রুত উদ্ধার এবং মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মাওলানা মতিউর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা মবশ্বির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মবশ্বির আলী, প্রচার সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম, বরুনা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাজ্জাদুর রহমান কাসেমী ও মাওলানা শামসুজ্জামান শরিফসহ অন্যরা।
মানববন্ধন কর্মসূচি শেষে সন্ধ্যায় কমলগঞ্জ থানা পুলিশ অপ্রাপ্তবয়স্ক কিশোরী রেশমি আক্তার লিপাকে উদ্ধার করে। কিশোরী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন।
এআইএল/সকালবেলা