
রেজাউল করিম মজুমদার (গাজীপুর): গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে মহাসড়কে বর্জ্য ফেলে তাতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোর মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য এনে সড়কের ওপর স্তূপ করে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এমনকি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও বাধা দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে অবরোধস্থলেই ক্রিকেট খেলতে দেখা যায় শ্রমিকদের।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে তারা বাধা দেন। এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কারও বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছিলেন, সকাল ৮টার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোনো ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
তিনি আরও জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন চলছে। এ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এআইএল/সকালবেলা