
পলাশ চন্দ্র বিশ্বাস (গোপালগঞ্জ): গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান। এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রয়োজনীয় সকল সম্ভাব্য বিষয় নিয়ে সভায় আলোচনা করেন জেলা প্রশাসক।
আলোচনার একপর্যায়ে জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ রফিকউজ্জামান বলেন, “৭ই নভেম্বর জাতির জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত। এই দিনটি না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হতো না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। ৭ই নভেম্বরের গুরুত্ব সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, এই দিনটি শুধু বিএনপির দলীয় কর্মসূচি নয়, জাতীয়ভাবে দল-মত নির্বিশেষে সকলেরই পালনে এগিয়ে আসা উচিত। দলীয়ভাবে ভিন্ন মত থাকলেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মাইলফলক হয়ে থাকবে।
পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রস্তুতিমূলক আলোচনা সভা শেষে সভাপতি ও জেলা প্রশাসক মহোদয় গৃহীত সিদ্ধান্তসমূহ সকলকে যথাযথভাবে পালনের অনুরোধ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।
এআইএল/সকালবেলা