
সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো): খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে গলাকাটা অবস্থায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকার একটি কলাবাগানের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন— রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং একই উপজেলার সিংহের চর এলাকার বাসিন্দা রেজাউল করিম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় কিছু লোক নদীতে দুটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রূপসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করে।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশ দুটির গলা কাটা ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান নদী থেকে দুই জনের গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এআইএল/সকালবেলা