
সকালবেলা অনলাইন: আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত থাকায় এ বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে। গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য পরিবর্তন আসে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্ত হয়ে পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে আসেন। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা