
সাঈদ পান্থ (বরিশাল): বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুলাভাই ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামের ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নববধূ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে পরিবারের সম্মতিতে ওই নববধূকে বাজারে নিয়ে যান তাঁর ভাসুরের বোনের স্বামী ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান ও তাঁর চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে নববধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনার পর প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নারী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশে গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, থানায় মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান নিশ্চিত করে পুলিশের একটি দল ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করে।
এআইএল/সকালবেলা