
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধান খোঁজার জন্য দুই সিটি কর্পোরেশনকে কড়া নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (১৮ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় ঢাকা শহরের চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসন, সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকাকে প্রকৃত অর্থে বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করতে হলে বছরের পর বছর ধরে চলা জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করতেই হবে। এর জন্য নিরাপদ পানি সরবরাহ ও উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।
তিনি আরও হুঁশিয়ারি দেন যে, জনগণের দুর্ভোগ লাঘবে চলমান সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং কাজের গুণগত মান বজায় রেখে শতভাগ নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এর সুফল ভোগ করতে পারে। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং বিভিন্ন প্রকল্পের পরিচালক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।