
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর বয়সী এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকালে উপজেলার পাগলা ইউনিয়নের সনুড়া-জসিউড়া গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর নাম জান্নাতুল, সে সনুড়া-জসিউড়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে বিকেল থেকে জান্নাতুল হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো হদিস পাননি। পরবর্তীতে ৫ মে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের দুই দিন পর আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় গ্রামবাসী ধানক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কি না বা এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জান্নাত/সকালবেলা