নিউগিনি প্রোপার্টিজে লুটপাট: জামায়াত এমপির জামাতা ৩ দিনের রিমান্ডে

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
নিউগিনি প্রোপার্টিজে লুটপাট: জামায়াত এমপির জামাতা ৩ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর সংলগ্ন দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধ প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন— শাহরিয়ার মাহমুদ (৬০) ও মো. শাহ আলম ওরফে অনিক (৪৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমিন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। এতে তিনি উল্লেখ করেন, ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং মূল রহস্য উদঘাটনে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তিন দিনের রিমান্ডের নির্দেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন দুষ্কৃতকারী বেআইনিভাবে প্রবেশ করে প্রায় ৫০ রাউন্ড গুলি বর্ষণ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা নগদ টাকা, প্রযুক্তি সামগ্রী ও ক্যাবলসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে এবং গাড়ি ভাঙচুর চালায়। এছাড়া কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন