কয়রায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় একাধিক স্থান থেকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) এবং বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হান্নান হোসেন মিন্টু (২২)।
কয়রা থানা-পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অন্যান্য এজাহারভুক্ত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা