এনসিপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
বিশেষ প্রতিনিধি: মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে মারাত্মক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় নির্দেশনায় তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির জানান, ভাইরালে সংসংক্রান্ত ভিডিওটি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা সাপেক্ষে এ কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত নাজমুল ঠাকুর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ফেক বা এডিটেড ভিডিও ছড়িয়ে তাঁকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে।
এআইএল/সকালবেলা