আ: লীগের সেই এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
আ: লীগের সেই এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: অর্থপাচার প্রতিরোধ আইনে ওয়ারী থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তাঁর ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ নূরে আলম ভূঞার আদালত এই রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সেলিম খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপন হেফাজতে রাখার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ওয়ারী থানায় মামলাটি দায়ের করেন র‌্যাব-৩-এর নায়েব সুবেদার রমজান আলী। তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপনসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

এর আগে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থপাচার প্রতিরোধ আইনের আরেকটি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এই দুই ভাইকে সাত বছর করে কারাদণ্ড ও ৩৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন