পানি, গ্যাস ও স্বাস্থ্য সেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
পানি ও গ্যাসকে ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ আখ্যা দিয়ে তা সমাধানের কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি উত্তরায় একটি সরকারি হাসপাতাল করার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব আশ্বাস দেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, “উত্তরাবাসী প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই দুই সমস্যার সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, “দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধান করতে হবে। নতুন কল-কারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে।”
তারেক রহমান বলেন, “আমাদের দেশের খাল-বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার পানির সমস্যা যেমন সমাধান করতে হবে, তেমনি সমগ্র দেশে পানির সমস্যা সমাধান করতে হবে। সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি।”
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন মনে করে তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে।”
জুলাই অভ্যুত্থান সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথাও স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।”
আই.এ/সকালবেলা