তনু হত্যা মামলা: ডিএনএ রিপোর্টে নতুন মোড়

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
তনু হত্যা মামলা: ডিএনএ রিপোর্টে নতুন মোড়
সোহাগী জাহান তনু। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। ডিএনএ পরীক্ষায় তনুর পোশাক থেকে আগে তিনজন পুরুষের শুক্রাণু শনাক্ত হওয়ার পর, এবার সেখানে চতুর্থ আরেকজন ব্যক্তির রক্তের অস্তিত্ব পাওয়া গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম রোববার (১৭ মে) রাতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তনুর পোশাকে পাওয়া নমুনার বিষয়ে সিআইডির কাছে জানতে চাওয়া হলে প্রায় এক মাস আগে তারা এই নতুন ডিএনএ রিপোর্টের তথ্য দেয়। এর ফলে মামলায় সন্দেহভাজনের মোট সংখ্যা এখন চারজনে দাঁড়াল। পিবিআই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের পর দুই দফা ময়নাতদন্ত করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পরবর্তীতে ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে তিন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল। এখন সেখানে আরেকজনের রক্তের উপস্থিতির কথা জানা গেল।

এদিকে মামলাটি সম্প্রতি আবারও নতুন গতি পেয়েছে। গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমান নামে সেনাবাহিনীর একজন সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার ডিএনএ নমুনা সংগ্রহ করে তনুর পোশাকে পাওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে।

মন্তব্য করুন