দেশের বিভিন্ন অঞ্চলে দুই দিন বৃষ্টি সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে দুই দিন বৃষ্টি সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় রয়েছে।

আজ (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারা দেশে আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া প্রধানত শুষ্ক এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া প্রধানত শুষ্ক এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ী আংশিক মেঘলা আকাশ, প্রধানত শুষ্ক থাকবে।

মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বরিশাল ও চট্টগ্রামের উত্তরের কিছু জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন