রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ থাকলেও এখন তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হয়েছে।

অন্যদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ২৬ মার্চ থেকে আবার আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এ সিদ্ধান্তে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে এবং ঈদযাত্রায় জ্বালানি সংকট তৈরি হবে না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন