প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টা নিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির 'রুলস অব বিজনেস' অনুযায়ী প্রধানমন্ত্রী এই উপদেষ্টাদের নিয়োগ দান করেন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যদিকে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এই অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রশাসনের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন। এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক কাজে সহায়তার জন্য একান্ত সচিব–১ হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী। মন্ত্রিসভার এই পূর্ণতা এবং উপদেষ্টাদের নিয়োগের মাধ্যমে নতুন সরকারের প্রশাসনিক কাঠামো চূড়ান্ত রূপ নিল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন